উত্তরদিনাজপুর

জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের উদ্যোগে বন্যার জলে জলবন্দি মানুষদের পানীয় জল বিতরন

বন্যার জলের সৃষ্ট রোগ থেকে জলবন্দি মানুষদের বাঁচাতে পশ্চিমবঙ্গ সরকারের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের উদ্যোগে আর্সেনিক মুক্ত পানীয় জল সরবরাহ শুরু হয়েছে। জানা গিয়েছে, উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ও ইসলামপুরে জলের পাউচ বানানোর দুটি মেশিন মালদা থেকে আনা হয়েছে। এই মেশিনগুলিতে ঘন্টায় দুহাজার লিটার জলের আট হাজার পাউচ তৈরি করা হচ্ছে। চোপড়া, ইসলামপুর, গোয়ালপোখর, চাকুলিয়া সহ করনদিঘি ব্লকের ডালখোলা পুরসভাতে ইসলামপুর থেকে জলের পাউচ সরবরাহ করা হচ্ছে। অন্যদিকে রায়গঞ্জের মেশিনটি থেকে উৎপাদিত জলের পাউচ গুলি কালিয়াগঞ্জ, হেমতাবাদ, রায়গঞ্জ, করনদিঘি, ইটাহার ব্লকে সরবরাহ করা হচ্ছে। বৃষ্টি থামলেও বা বন্যার জল নেমে যাবার পর বন্যা কবলিত মানুষদের মধ্যে ব্যাপক রোগভোগের সম্ভাবনা দেখা যায়। সেসময় মানুষের সবচেয়ে বেশি আর্সেনিক ও জীবাণু মুক্ত পানীয় জলের আবশ্যকতার দিকে লক্ষ্য রেখে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।